![]()
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর জমিদার বাড়িতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন ‘সাধনায় অগ্নিবীণা’। নজরুলের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে নজরুল ভক্তবৃন্দ, গোপালপুর-টাঙ্গাইলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি গোলামরোজ তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিন ঝরনা, মুক্তিযোদ্ধা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুয়ারা ময়না, হেমনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান হালিম। রও উপস্থিত ছিলেন হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ইংরেজি শিক্ষক শাহিন আহমেদ বাহাদুর, হেমনগর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক হোসেন, গোপালপুর থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম শিশিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে গোপালপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের শিল্পীরা নজরুলের কবিতা, গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। তাদের পরিবেশনায় মুখর হয়ে ওঠে হেমনগর জমিদার বাড়ির ঐতিহাসিক প্রাঙ্গণ। উপস্থিত দর্শকরাও উপভোগ করেন কবির কালজয়ী সৃষ্টি ও বিদ্রোহী চেতনার নানা দিক।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ভালোবাসার কবি। তাঁর সাহিত্য ও সংগীত অন্যায়-অবিচারের বিরুদ্ধে মানুষকে সাহস জোগায়। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম তুলে ধরতে এ ধরনের আয়োজন আরও বেশি করা প্রয়োজন।
হেমনগরের বিভিন্ন পর্যায়ের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ঐতিহাসিক হেমনগর জমিদার বাড়িতে নজরুল স্মরণে এমন আয়োজন স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।



মন্তব্য