![]()
রেজাউল করিম মজুমদার, গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে ট্রলি ব্যাগে চাইনিজ কুড়াল লুকিয়ে এনে কলার দোকানে বসে থাকা শ্বশুর আব্দুল মজিদ মোড়লকে (৬৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে তার মেয়ের জামাই মোজাম্মেল হোসেন।
আজ ২৮ আগস্ট, ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার জামালপুর বাজারে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বেসরকারি এবং পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল মজিদ কালীগঞ্জ উপজেলার জামালপুর মধ্যপাড়া গ্রামের মৃত আলতু মোড়লের ছেলে। তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত মোজাম্মেল হোসেন একই এলাকার উত্তর জামালপুর সরকারপাড়া গ্রামের মৃত নোয়াব আলী সরকারের ছেলে।স্বজন ও স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্ত মোজাম্মেল নিয়মিত মাদক সেবন করে তার স্ত্রী শাহনাজকে মারধর ও শারীরিক নির্যাতন করতেন। নির্যাতনের শিকার হয়ে শাহনাজ স্বামীর বাড়ি ছেড়ে তার বাবার বাড়িতে চলে আসেন। সম্প্রতি বাবার বাড়িতে অবস্থান করা স্ত্রীকে মোজাম্মেল প্রায়ই পথে-ঘাটে উত্ত্যক্ত করতেন। এই পারিবারিক বিরোধের জেরেই শ্বশুরের ওপর মোজাম্মেলের চরম ক্ষোভ তৈরি হয়।
বিকেলে আব্দুল মজিদ মোড়ল জামালপুর কলাপট্টিতে নিজের কলার দোকানে বসে ছিলেন। এ সময় ঘাতক মোজাম্মেল একটি ট্রলি ব্যাগ টেনে তার শ্বশুরের দোকানে হাজির হন। কথাবার্তা বলার একপর্যায়ে তিনি ব্যাগ থেকে একটি ধারালো চাইনিজ কুড়াল বের করে বৃদ্ধ শ্বশুরের ওপর অতর্কিত হামলা চালান এবং এলোপাতাড়ি কোপাতে থাকেন।
আব্দুল মজিদ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে মোজাম্মেল তাকে মৃত ভেবে ঘটনাস্থলেই রক্তমাখা ট্রলি ব্যাগটি ফেলে দ্রুত পালিয়ে যান। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এই ঘটনায় অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘাতক জামাই মোজাম্মেলকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।



মন্তব্য