![]()
মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর মধ্য বাজারে দিনব্যাপী এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘হেলাল ফাউন্ডেশন’ এর সৌজন্যে এলাকার দুস্থ, অসহায় ও সাধারণ মানুষের চোখের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
শনিবার (৮ আগস্ট) সকাল ০৯:০০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪:০০ টা পর্যন্ত চলা এই ক্যাম্পে এলাকার শতাধিক সাধারণ ও দরিদ্র রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। নিউ ভিশন আই কেয়ার সেন্টার এর অভিজ্ঞ চক্ষু চিকিৎসক মোঃ আল ইমরান এর নেতৃত্বে একটি চিকিৎসক টিম অত্যন্ত যত্ন সহকারে রোগীদের চোখের বিভিন্ন সমস্যা এবং প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা পত্র প্রদান করেন।
ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা শেফালী বেগম সন্তোষ প্রকাশ করে বলেন, “কয়দিন ধরে চোখে ঝাপসা দেখছিলাম, টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি। আজকে বিনামূল্যে চোখ চিকিৎসা করালাম এবং ডাক্তার সাহেব যত্ন সহকারে চোখ চিকিৎসা করলেন।” আরেক রোগী ফয়জন বেগম বলেন, “আমাদের মত গরিব মানুষের চোখের চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন হয়। হেলাল ফাউন্ডেশন আমাদের বাড়ির কাছে এই ক্যাম্প পরিচালনা করে আমাদের অনেক উপকার করে থাকে।”
হেলাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হেলাল উদ্দীন বলেন, অর্থের অভাবে যেন কোন মানুষের চোখের আলো নিভে না যায়, সেই লক্ষ্যেই হেলাল ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও আমাদের এই সেবামূলক ও মানবিক কার্যক্রম কসবা ইউনিয়ন সহ পুরো উপজেলায় অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোঃ ফাইজুদ্দীন টুনু মাস্টার তাঁর অভিমত ব্যক্ত করে বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মানুষের একটি অন্যতম মৌলিক অধিকার। এই অধিকার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরী। ‘হেলাল ফাউন্ডেশন’ প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের জন্য যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে, তা সত্যিই মানবতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি ‘হেলাল ফাউন্ডেশন’ এর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে রাহেমা বেগম বলেন, “হেলাল ফাউন্ডেশন এর মাধ্যমে এর আগে আমি চক্ষু চিকিৎসা করেছি এবং অনেক সুস্থ আছি। গরীব রোগীদের জন্য হেলাল ফাউন্ডেশন এক অনন্য দৃষ্টান্ত।”
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ ওবায়দুর রহমান, মোঃ খায়রুল আলম, মোঃ সামসুল হক সরদার, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ কোরবান আলী, বিফল চন্দ্র বর্মন, রাসেল এবং রোসদুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিনামূল্যে এই উন্নত চিকিৎসা সেবা পেয়ে স্থানীয় সাধারণ মানুষ ও সুবিধাভোগীরা অত্যন্ত আনন্দ এবং ‘হেলাল ফাউন্ডেশন’ এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।



মন্তব্য